খাগড়াছড়িতে সম্প্রীতি সভা অনুষ্ঠিত
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। পার্বত্য জেলা খাগড়াছড়িতে সম্প্রীতির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা মিলনায়তন সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
এসময় সম্প্রীতির সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে.কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, এনসিপি’র খাগড়াছড়ির প্রতিনিধি শাহ্ নেওয়াজ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সহ প্রত্যেক ধর্মের প্রতিনিধি বৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি মন্ত্রণালয়ের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, পাহাড়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম পালন করতে পারে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করে যাচ্ছে। এবং আগামীতেও প্রত্যন্ত জনপদের মসজিদ, মাদরাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রনালায়ের পক্ষ থেকে সাধ্যানুযায়ী সহায়তা দিয়ে যাবে। পাহাড়ে সকল সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দ্বীনি শিক্ষা বিস্তারে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি গরীব, অসহায় শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি ও সুবিধাবঞ্চিত মানুষদেরও চিকিৎসা ও আর্থিক সহায়তা করার আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































